পানছড়িতে রাবার ড্যাম কেটে দেওয়ার অভিযোগ, ঝুঁকিতে ৪৫০ হেক্টরের বেশি কৃষিজমি
২৪ আগস্ট ২০২৬, ০৯:৪৪ এএম
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকায় চেঙ্গী নদীর ওপর নির্মিত রাবার ড্যামের একটি রাবার ব্যাগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। দ্রুত ড্যামটি মেরামত করা না হলে বোরো ও রবি মৌসুমে পানির সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পের আওতায় চেঙ্গী নদীর ওপর প্রায় ৮০ মিটার দীর্ঘ রাবার ড্যামটি নির্মাণ করা হয়। নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ১০ কোটি টাকা। শুষ্ক মৌসুমে ড্যামের পানি সংরক্ষণ করে পানছড়ি সদর, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নের ৪৫০ হেক্টরের বেশি, স্থানীয়দের হিসাবে প্রায় ১ হাজার ২০০ একর কৃষিজমিতে সেচ দেওয়া হয়। ড্যামটি চালুর পর অনেক জমি এক ফসলি থেকে দুই ফসলি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা।
ড্যাম ব্যবস্থাপনা সমিতির সদস্যরা সম্প্রতি দেখতে পান, দুটি রাবার ব্যাগের একটির প্রায় দেড় ফুট অংশ কাটা হয়েছে। কখন বা কারা এটি কেটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিষয়টি উপজেলা প্রশাসন ও এলজিইডিকে জানানো হয়েছে। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পানছড়ি চেঙ্গী নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি দেবাশীষ চাকমা বলেন, ‘ড্যামের রাবার ব্যাগের বড় একটি অংশ কে বা কারা কেটে দিয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত মেরামত করা না হলে শুষ্ক মৌসুমে কৃষকেরা সেচের পানি নিয়ে সমস্যায় পড়বেন।’
সমিতির অর্থ সম্পাদক দুর্বাদল চাকমা বলেন, বর্ষাকালে রাবার ব্যাগটি খালি রাখা হয়। পানি দিয়ে ব্যাগটি ফুলিয়ে দিলে কাটা অংশ দিয়ে সেটি নিচের দিকে পড়ে যেতে পারে। ফলে ড্যামে পানি ধরে রাখা সম্ভব হবে না। স্থানীয়ভাবে এর মেরামত করাও সহজ নয় বলে জানান তিনি।

স্থানীয় কৃষক আনন্দ মোহন চাকমা বলেন, ড্যাম নির্মাণের পর তাঁর জমি এক ফসলি থেকে দুই ফসলি হয়েছে। ড্যামটি অকেজো থাকলে আবার এক ফসলি চাষে ফিরে যেতে হতে পারে। এতে তাঁর কৃষি আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আরেক কৃষক উৎপল খীসা ও সৌমিত্র চাকমা বলেন, শুষ্ক মৌসুমে ড্যামের সংরক্ষিত পানি ব্যবহার করে তাঁরা বোরোসহ বিভিন্ন ফসল আবাদ করেন। সময়মতো ড্যাম মেরামত করা না হলে বোরো চাষে পানির সংকট তৈরি হতে পারে। এতে কৃষি উৎপাদন ও কৃষকদের আয়—দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
৩ নম্বর পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মণি চাকমা ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, যারা এ কাজ করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন জানান, বিষয়টি জানার পর এলজিইডিকে দ্রুত ড্যামটি মেরামতের উদ্যোগ নিতে বলা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলজিইডি খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার রহমান বলেন, ড্যামটির ক্ষতিগ্রস্ত রাবার ব্যাগ স্থানীয়ভাবে মেরামত করা সহজ নয়। এর জন্য প্রাক্কলন তৈরি করে ঢাকায় পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, সংশ্লিষ্ট প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুনে শেষ হয়েছে।
স্থানীয়দের মতে, পানছড়ির কৃষিতে রাবার ড্যামটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বোরো মৌসুম শুরুর আগেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা না গেলে বিপুল পরিমাণ কৃষিজমি সেচ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। একই সঙ্গে কৃষকদের উৎপাদন ও আয় কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মেরামতের ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকেরা।

















