বন্যায় ক্ষতিগ্রস্ত দীঘিনালার বিভিন্ন এলাকা পরিদর্শন জেলা পরিষদ চেয়ারম্যানের
২৮ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম
সম্প্রতি ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার মানুষের খোঁজখবর নিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা ও পরিষদের সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার জামতলী ও জগন্নাথ হিন্দুপাড়া এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় বন্যায় ক্ষয়ক্ষতি, পানিবন্দি মানুষের দুর্ভোগ এবং তাদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা।
খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় এ পরিদর্শন করা হয়েছে বলে জেলা পরিষদ সূত্রে জানানো হয়। পরিদর্শনকালে চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এন আবছার, সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য খানিরঞ্জন ত্রিপুরা, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, জেলা পরিষদ সদস্য শান্তি প্রিয় চাকমা, অ্যাডভোকেট রিপল চাকমা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য তাসলিমা সিরাজ সিমা এবং জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ক্যরী মগ।
এ ছাড়া দীঘিনালা উপজেলা বিএনপির নেতৃবৃন্দও পরিদর্শনে অংশ নেন। তারা জামতলী, জগন্নাথ হিন্দুপাড়াসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ও জীবিকার ওপর ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।

































