রামগড়ে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ ভার্চুয়ালি উদ্বোধনের মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে।
১২ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন ও মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ, রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু এবং যুগ্ম-সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
অভিযান চলাকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।



































