পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠনে খাগড়াছড়িতে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম


পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠনে খাগড়াছড়িতে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। একই সঙ্গে কমিটিগুলোকে কার্যকরভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।

লিখিত বক্তব্যে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার সংরক্ষণ, স্বীকৃতি, সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গঠিত তিনটি কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার, শান্তি ও নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কমিটিগুলো কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও নিরলসভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় কমিটিগুলোর কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখার আশা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে কমিটি গঠনের উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Ads