দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম


দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা চত্বরে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে আয়োজন করা হয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা আবারও দেশকে অস্থিতিশীল করার জন্য ডিসেম্বরে দেশে আসার পাঁয়তারা করছেন। আমরা বলতে চাই, ডিসেম্বরে না এসে এখনই আসুন। সাবধান হয়ে যান, অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচাররা জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপির ওপর আস্থা রেখে তাদের ক্ষমতায় এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও তৈরি করে হুমকি দিয়ে দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করা যাবে না। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমিয়ে রাখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গত ১৭ বছরের শাসনামলে নিরীহ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন, খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে।

সমাবেশে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনি, পৌর বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ইয়াসের খান চৌধুরী বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন—মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটেও তার পদবি নিশ্চিত করা হয়েছে।

Ads