রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে পুনর্বাসনের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে দুই বান্ডেল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকার চেক তুলে দেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহযোগিতা করা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।































