মুন্সীগঞ্জে আলমগীর হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম


মুন্সীগঞ্জে আলমগীর হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

মুন্সীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর খড়ের স্তূপ থেকে উদ্ধার হওয়া ফেরিওয়ালা মো. আলমগীর হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছেল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে কয়েকজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই মুন্সীগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


গ্রেফতাররা হলেন—মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও রিনা বেগম (২৪)। তাদের মধ্যে জাহাঙ্গীর নিহত আলমগীরের ভাই এবং রিনা তার ভাবি।
পিবিআই জানায়, গত ১১ নভেম্বর আলমগীর বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা বলে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুরের বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ না পেয়ে ১৭ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন।


একই দিন সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকায় একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিভিন্ন এলাকায় বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।


এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন ১৯ নভেম্বর পিবিআই মুন্সীগঞ্জ জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে চারজনকে গ্রেফতার করা হয়।


পিবিআইয়ের প্রাথমিক তদন্ত ও গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় তিন মাস আগে নিহত আলমগীর তার ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার জমা রাখেন। ওই স্বর্ণের মধ্য থেকে তিন আনা স্বর্ণ আলমগীরকে না জানিয়ে রিকাবী বাজারের একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন জাহাঙ্গীর ও রিনা। এ নিয়ে আলমগীরের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়। সালিশে আলমগীরের স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত দেওয়া হয়নি।
পিবিআই জানায়, স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর ও রিনা আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন। এ কাজে সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, সাদ্দাম ও শফিকুল বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাসা থেকে ডেকে নেন। পরে দুটি মিশুক অটোরিকশায় করে তাকে রিকাবী বাজার থেকে বালুচরের দিকে নিয়ে যাওয়া হয়।


পথে জাহাঙ্গীর ও রিনার ভাড়া করা আরও দুই ব্যক্তি অটোরিকশায় ওঠেন। নির্জন স্থানে পৌঁছানোর পর আলমগীরের পকেটে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার খোঁজার চেষ্টা করা হয়। এ সময় তিনি চিৎকার করলে তাকে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। একপর্যায়ে ইট দিয়ে মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ গোপন করতে খড় দিয়ে ঢেকে রেখে তারা পালিয়ে যান।


পিবিআই আরও জানায়, গ্রেফতার সাদ্দাম ও শফিকুলের দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট এবং দুটি মিশুক অটোরিকশা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে সাদ্দাম, শফিকুল ও জাহাঙ্গীর আদালতে পাঠানো হলে তাদের মধ্যে সাদ্দাম ও শফিকুলসহ আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের নির্দেশনায় এবং পিবিআই মুন্সীগঞ্জ জেলা ইউনিট ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত পরিচালিত হয়। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপপরিদর্শক (নিরস্ত্র) জুবায়ের হোসেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

Ads