পদত্যাগ করেছেন ইরানের তেলমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম


পদত্যাগ করেছেন ইরানের তেলমন্ত্রী

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ইরানের তেলমন্ত্রী মহসিন পাকনেজাদ। রোববার (৪ অক্টোবর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহেদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পাকনেজাদের পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। ইরানের তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অব্যাহত থাকার মধ্যেই দেশটির তেলমন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটল।

ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বোভার্দ এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি (এনআইওসি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের বড় একটি অংশ তেলক্ষেত্র পরিচালনার সঙ্গে জড়িত।

এর আগে শনিবার (৩ অক্টোবর) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, সমুদ্রে ইরানের আর কোনো তেলবাহী জাহাজ অবশিষ্ট নেই। তার ভাষ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ইরান তেল খাত থেকে কোনো রাজস্ব পাবে না।

গত ২৫ আগস্ট মার্কিন অর্থ মন্ত্রণালয় ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর ঘোষণা দেয়। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্যেই এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Ads