বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্বে অবহেলা করলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম


বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্বে অবহেলা করলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, দায়িত্বে অবহেলা করলে কঠোর শাস্তি দেওয়া হবে, আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে মিলবে পুরস্কার।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা নির্ভর করে। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা সহ্য করা হবে না।

মহড়ায় ব্যাংকক থেকে আসা ৯৮ জন যাত্রী ও ৫ জন ক্রুবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি এবং পরবর্তী সময়ে অগ্নিকাণ্ডের কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয়। এ সময় জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের অনুশীলন করা হয়।

মহড়ায় বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে অংশ নেয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও যাত্রী উদ্ধারের অনুশীলন করে।

বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশের বিমানবন্দরগুলোতে শতভাগ নিরাপত্তা ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। এ লক্ষ্যে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

Ads