গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রতন বৈষ্ণব ত্রিপুরা

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম


গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির গুইমারায় ‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের আয়োজনে এবং গুইমারা উপজেলা প্রশাসন ও তথ্য অফিস, রামগড়ের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না।

পিআইডি আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন রামগড় উপজেলা তথ্য অফিসার খোন্দকার তৌহিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসংক্রান্ত তথ্য বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও অর্জনের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে সংবাদ পরিবেশনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় রামগড়, গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সরকারি উন্নয়ন কার্যক্রমের তথ্য জনগণের কাছে তুলে ধরা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বক্তব্য দেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা, গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলী এবং তিন উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Ads