মিনা ট্রাজেডি : নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৬১
০৮ অক্টোবর ২০১৫, ০৫:৩৯ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: হজের সময় সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে বাংলাদেশি হাজিদের নিহতের সংখ্যা আরো ১০ জন বেড়েছে। এ নিয়ে সর্বমোট ৬১ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। জেদ্দায় অবস্থানরত বাংলাদেশ কনস্যুলেট এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, বাংলাদেশি হাজীরা এখনো সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১০০ জন ।
বাংলাদেশ হজ মিশন জানিয়েছে, সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত কিছু হাজির মরদেহ চিহ্ণিত করে তাদেরকে মক্কাতেই দাফন করা হচ্ছে। সৌদি আরবে কর্মরত কনস্যুলেট ও মক্কায় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
এদিকে, মিনায় পদদলিতের ঘটনায় বাংলাদেশি নিখোঁজ রয়েছেন এখনো ১১৬ জন । তাদের স্বজনদের মক্কায় বাংলাদেশ হজ মিশনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সেই সঙ্গে মৃতদেহ সনাক্ত করতে সহায়তার জন্য ১০৭ নম্বর কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন করা যাবে ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০ এই নম্বরে। এছাড়া হাজিদের পরিচয় জানতে ই-মেইল করা যাবে missionhajj@gmail.comcom- এই ঠিকানায়।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সৌদি আরব সরকার নিহত ১১০০ হাজির ছবি প্রকাশ করে। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখের বেশি মানুষ মক্কায় হজ পালন করতে যান।





















