৮০তম জন্মবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে খালেদার শ্রদ্ধা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ জানুয়ারি ২০১৬, ০৭:০৬ পিএম


৮০তম জন্মবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে খালেদার শ্রদ্ধা

প্রতিদিনের চিত্র ডেস্ক :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  

আজ মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে পৌঁছান। খালেদা জিয়ার আগমন ঘিরে আগে থেকেই দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সমাধি প্রাঙ্গণে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১২টার দিকে খালেদা জিয়া সমাধি প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি নেতা-কর্মীরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে। গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী ক্ষণজন্মা মহারাষ্ট্রনায়ক। তিনি অল্প সময়ের মধ্যে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ করেছেন। তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন।

জিয়াউর রহমানের সমাধি সরানোর ব্যাপারে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, এটাকে আমরা তেমন একটা গুরুত্ব দিই না। এটা সরকারের বিভিন্ন চালের একটি চাল। তারা এসব বক্তব্য দিয়ে জনগণের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে। এটা ওঠানো যাবে না।

জাতীয় পার্টির খণ্ডিত পরিস্থিতি নিয়ে নোমান বলেন, তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে হয়তো ঝামেলা হয়েছে, এটা আবার মীমাংসা হয়ে যাবে।

সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Ads