তীব্র গরমে স্বস্তির খবর; বৃষ্টির আভাস- আবহাওয়া অফিস
০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এএম
দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আট বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে- রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।






















