যুক্তরাজ্যে চিকিৎসাধীন রাষ্ট্রপতির হার্টে রিং স্থাপন, অবস্থা স্থিতিশীল
১৩ মে ২০২৬, ১০:২৩ এএম
যুক্তরাজ্যে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের সিদ্ধান্তে জরুরিভিত্তিতে সফল এনজিওপ্লাস্টি সম্পন্ন করে তার হার্টে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সন্তোষজনক রয়েছে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানান, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজের বিখ্যাত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষার সময় তার হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ে। পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করেন এবং একটি স্টেন্ট স্থাপন করেন।
বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রাষ্ট্রপ্রধান তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, এটি রাষ্ট্রপতির হৃদরোগের প্রথম জটিলতা নয়। এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার একটি সফল ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এরপর থেকেই হৃদরোগজনিত নিয়মিত ফলো-আপ চিকিৎসার জন্য তিনি ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালটি বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য অত্যন্ত সুপরিচিত।
গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সূচি অনুযায়ী, চিকিৎসা প্রক্রিয়া সফলভাবে শেষ করে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে।






















