তথ্য মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সম্প্রচার খাতে যৌথভাবে কাজ করার প্রস্তাব

অয়ন আহমেদ

১৯ মে ২০২৬, ০৮:৩৭ পিএম


ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সম্প্রচার খাতে যৌথভাবে কাজ করার প্রস্তাব

 

থ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এন্টনিও আলেসান্দ্রোর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সম্প্রচার খাতে দুই দেশের যৌথভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

মঙ্গলবার (১৯ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে আয়োজিত এই বৈঠকে মন্ত্রী গণযোগাযোগ ও সম্প্রচার প্রযুক্তিতে ইতালির উন্নত অভিজ্ঞতাকে কাজে লাগাতে ‘নলেজ শেয়ারিং’ বা জ্ঞান বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। এ সময় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের পাশাপাশি তথ্যপ্রযুক্তির আধুনিকায়নে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার  বিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

ইতালির রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন,  ইটালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন এবং তারা বাংলাদেশ ও ইতালি উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এ সময় তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ইতালিতে সমুদ্র পথে অবৈধ ও ঝুঁকিপূর্ণ  অভিবাসনের বিষয়টি উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার উপর জোর দেন। তিনি বলেন, ইতালি বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। তিনি বৈধ পথে আরও বেশি বাংলাদেশি অভিবাসী গ্রহণের জন্যই ইতালি সরকারের প্রতি অনুরোধ জানান।

তিনি এ সময় উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারে পণ্যের বহুমুখীকরণের উপর গুরুত্বারোপ করেন।

তথ্য উপদেষ্টা, ইতালির রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে অভিবাসন বৃদ্ধির অনুরোধ জানান। ‌

ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ইতালিতে অভিবাসন চলমান আছে এবং বিগত এক বছরে বাংলাদেশ থেকে ২০ হাজার মানুষ ইতালিতে অভিবাসী হয়েছেন।

 

Ads