সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় আজ
০৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ এএম
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশকিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা আপিলের ওপর রায়ের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল বুধবার শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন।
পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়েছে। এর মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি আপিল করেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অপর আপিলটি করেন। জামায়াতের করা এই আপিলের সঙ্গে 'হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি' নামে একটি সংগঠনের করা লিভ টু আপিলও শুনানির তালিকায় ওঠে।
আপিলের ওপর গত সোমবার আনুষ্ঠানিক শুনানি শুরু হয়। এরপর মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি চলে। ধারাবাহিক শুনানি শেষে আপিল বিভাগ বুধবার রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।
উল্লেখ্য, ১৫ বছর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস করে। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে মোট ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল।
সম্প্রতি হাইকোর্টের রায়ের পর দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরার পথ খুললেও কিছু আইনি জটিলতা থেকে যায়। মূলত সেই জটিলতাগুলো নিরসনের লক্ষ্যেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুজনের সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে পৃথক তিনটি আপিল আবেদন করা হয়।






















