ডেঙ্গুতে এক সপ্তাহে ২৪ প্রাণহানি, ১০ শতাংশ শয্যা রাখার নির্দেশ
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
ডেঙ্গু এখন আর কেবল মৌসুমি রোগ নয়। বছরজুড়েই এর সংক্রমণ দেখা যাচ্ছে। চলতি বছর বর্ষা শুরুর পর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে বাড়ছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা, একই সঙ্গে বাড়ছে মৃত্যুও।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৪৩ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ১২১ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৪১ হাজার রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩১৪ জন।
গত তিন মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্রাণ হারিয়েছেন আরও ২৪ জন।
সেপ্টেম্বরের প্রথম চার দিনে প্রতিদিনই এক হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এ হাসনাত বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কের পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি। ডেঙ্গুর প্রজননক্ষেত্র ধ্বংস করার পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগটি ডেঙ্গু কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেন তিনি।
পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে অন্তত ১০ শতাংশ শয্যা ডেঙ্গু রোগীদের জন্য রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ডেঙ্গু ওয়ার্ডে মশারির ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে রোগীদের জন্য ছাড় দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রতিটি হাসপাতালে ১০ শতাংশ শয্যা ডেঙ্গু রোগীদের জন্য রাখার অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।





















