ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
গত ২২ আগস্ট সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ার বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন।
সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ফলে রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন।





















