চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকা অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় রাখা এবং অমুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই চলছে।
বুধবার মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা এবং বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে আয়োজিত মতবিনিময়সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করা হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় রাখা এবং যারা মুক্তিযোদ্ধা নন তাদের বাদ দেওয়াই এ যাচাই-বাছাইয়ের মূল লক্ষ্য।
তিনি বলেন, বিভিন্ন মহলে ৮৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার কথা বলা হয়েছে। তবে তিনি তাদের ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ না বলে ‘অমুক্তিযোদ্ধা’ হিসেবে অভিহিত করতে চান।
মন্ত্রীর ভাষ্য, মহান মুক্তিযুদ্ধের প্রকৃত যোদ্ধাদের সঙ্গে তালিকায় অনেক অমুক্তিযোদ্ধা যুক্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা যথাযথভাবে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আহমেদ আযম খান বলেন, নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। স্বাধীনতার ৫৫ বছর পরও কেন নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হবে, সেটি প্রশ্ন।
তিনি জানান, ৭ অক্টোবরের পর নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হবে না—এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।





























