বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনে জার্মানির সমর্থন
০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের পক্ষে জার্মানি। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, বিমান চলাচল খাতে সহযোগিতা জোরদার এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও বিস্তারের ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অবস্থানের কথা জানান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।
সাক্ষাতে দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান জার্মান রাষ্ট্রদূত। বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূত লটজ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি বিমান চলাচল খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
জার্মান রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনের পর বাংলাদেশের স্থিতিশীলতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশের কারণে জার্মান কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে।
সাক্ষাতে বাংলাদেশে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং দেশের উন্নয়নে দেশটির অবদানের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি, অভিবাসন ও জনশক্তি চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়েও মতবিনিময় করেন তারা।
এ ছাড়া প্রাসঙ্গিক আন্তর্জাতিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
দুই পক্ষই আশা প্রকাশ করে, উচ্চপর্যায়ের যোগাযোগ ও নিয়মিত আলোচনার ধারাবাহিকতা দীর্ঘদিনের বাংলাদেশ-জার্মানি অংশীদারত্বকে আরও গতিশীল করবে।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।





























