ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ
০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানো এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পে ফ্রান্সের সহযোগিতা জোরদার এবং নতুন প্রকল্পে অংশীদারত্ব বাড়ানোর প্রত্যাশা জানিয়েছে সরকার।
বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানো, চলমান প্রকল্পগুলোতে সহযোগিতা আরও শক্তিশালী করা এবং নতুন উন্নয়ন প্রকল্পে ফ্রান্সের সহায়তা নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিধি সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন তারা।
এ সময় ফ্রান্সের এয়ারবাস থেকে বাংলাদেশ সরকারের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়টিও বৈঠকে উঠে আসে। এ বিষয়ে মন্ত্রী ও ফরাসি রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, স্যানিটেশন ও নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে ফ্রান্স দীর্ঘদিন ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের উন্নয়ন অংশীদারত্বকে নতুন পর্যায়ে নেওয়া সম্ভব।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ফ্রান্সের উন্নয়ন সহযোগিতা সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমঁ (এএফডি)-এর অর্থায়নে বর্তমানে চারটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পগুলো হলো—সায়েদাবাদ পানি পরিশোধন প্ল্যান্টের তৃতীয় পর্যায়, ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের তৃতীয় পর্যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন স্যানিটেশন প্রকল্প ফর নর্থ কাট্টলী ক্যাচমেন্ট এবং ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প।
এই চার প্রকল্পে ফ্রান্সের অর্থায়নের পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
এ ছাড়া ফরাসি সহযোগিতায় বাংলাদেশের শহর ও পৌর এলাকায় পানি সরবরাহ, অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি উন্নয়নে ‘ওয়াটার সাপ্লাই, ইনক্লুসিভ স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রজেক্ট ইন আরবান অ্যান্ড টাউনস অব বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






























