ডিসেম্বরের মধ্যে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ
০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভারতের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন তিনি। তিস্তা বহুমুখী প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ করে আগামী বছরই মূল কাজ শুরুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।
মন্ত্রী বলেন, গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। চলতি বছরের ডিসেম্বরের আগেই চুক্তি সম্পন্ন করার বিষয়ে সরকার আশাবাদী। নতুন চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি ১৯৭৭ সালের চুক্তিতে থাকা ‘গ্যারান্টি ক্লজ’ পুনর্বহালের বিষয়টি গুরুত্ব পাবে।
তিনি জানান, পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও কাজ এগিয়ে চলছে। আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে প্রকল্পটির কাজ দৃশ্যমান হওয়ার প্রত্যাশা রয়েছে।
এ ছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই শেষ হলে আগামী বছরই মূল প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
পানি ব্যবস্থাপনা ও আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।





















