সাকিব আল হাসান বিদেশের মাটিতে নতুন মাইলফলক স্পর্শ করলেন
১২ জুলাই ২০১৬, ০৪:৪৮ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিদেশের মাটিতে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন। কয়েকদিন আগে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলতে যান সাকিব।
এখানেই এই কীর্তি গড়েছেন তিনি। সাকিব আল হাসানের মাইলফলক টি-টোয়েন্টি ক্রিকেটে। আজ মঙ্গলবার সাকিব খেলতে নামেন তার ক্যারিয়ারের ২০০ তম ম্যাচ। আর এ ম্যাচ দিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন তিনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসের হয়ে বর্তমানে টি-টোয়েন্টি মাতাচ্ছেন সাকিব। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টায় বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে মাঠে নেমেছে সাকিবের জ্যামাইকা।
সাকিব আল হাসান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সাকিব অ্যাডিলেড স্ট্রাইকার্স, বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বার্বাডোজ ট্রাইডেন্টস, ঢাকা গ্লাডিয়েটরস, জ্যামাইকা তালাওয়াস, করাচি কিংস, খুলনা জেলা, খুলনা রয়েল বেঙ্গলস, কলকাতা নাইট রাইডার্স, লেস্টারশায়ার, মেলবোর্ন রেনেগেডস, প্রাইম ব্যাংক ক্লাব, রংপুর রাইডার্স এবং উস্টারশায়ারের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন সাকিব।
সর্বশেষ রিপোর্টে ১২৩.৩৯ স্ট্রাইক রেটে ৩১৬৫ রান করেছেন সাকিব। ১৯৬টি ইনিংসে ৬.৭৪ ইকোনমি রেটে নিয়েছে ২৩২ উইকেট।























