তরুণদের দিকে ঝুঁকছে ব্রাজিল
২৩ আগস্ট ২০১৬, ০৪:২৫ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। ব্রাজিলিয়ান ফুটবলে এখন চলছে তারুণ্যের জয়জয়কার। ছোটরাই যেন পথ দেখাচ্ছে বড়দের। গত দুই বছরে ব্রাজিলের মূল দল যেখানে একের পর এক ব্যর্থ হয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার দুটি আসরে, সেখানে রিও অলিম্পিকে প্রথমবারের মতো ব্রাজিলকে স্বর্ণপদক জিতিয়েছেন তরুণ ফুটবলাররা।
২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্যও তাই তরুণ ফুটবলারদেরই বেশি প্রাধান্য দিয়েছেন কোচ টিটে। আগামী সেপ্টেম্বরে বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য তারুণ্যনির্ভর দলই গড়েছে সেলেসাওরা। ২৩ সদস্যের এই দলে নতুন মুখ আছে পাঁচটি।
নেইমারের নেতৃত্বে এবারের অলিম্পিকে ব্রাজিল প্রথমবারের মতো জিতেছে স্বর্ণপদক। সে সাফল্যের ছাপ থেকে গেছে বিশ্বকাপ বাছাইপর্বের দলেও। স্বর্ণপদকজয়ী দলের সাতজন খেলোয়াড় জায়গা পেয়েছেন ব্রাজিলের মূল দলে। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে যেতে পারে অলিম্পিকের ফাইনালে পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যাওয়া গোলরক্ষক উইভারটনের। ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাসও জায়গা পেয়েছেন ব্রাজিলের ২৩ সদস্যের দলে। ব্রাজিল দলের আরো তিন নতুন সদস্য টাইসন, রাফায়েল কারিওকা ও ফাগনার।
অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে আছেন দানি আলভেজ, ফেলিপে লুইস ও মার্সেলোনা। ইনজুরির কারণে দলে জায়গা মেলেনি সাবেক অধিনায়ক থিয়াগো সিলভার। দীর্ঘদিন পর ব্রাজিল দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার পাউলিনহো।























