ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে যেসব বিশ্বরেকর্ড হলো

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ আগস্ট ২০১৬, ০৪:০৩ পিএম


ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে যেসব বিশ্বরেকর্ড হলো

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা, রোমাঞ্চ, কী ছিল না ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে? হাইভোল্টেজ ম্যাচ বলতে যা বোঝায় তার সব ফ্লেভারই ছিল ম্যাচটিতে। ফ্লোরিডায় রানবন্যার ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত এক রানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবিয়ানরা। ভারত হেরে গেলেও এমন ম্যাচে আসলে জয় হয়েছে ক্রিকেটেরই।

শনিবার রাতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রানের পাহাড় গড়ার পর অনেকেই হয়ত একচেটিয়া ম্যাচের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। তবে তাদের ভুল প্রমাণ করলেন ভারতীয় ব্যাটসম্যানরা। ইনিংসের শেষ বলে মহেন্দ্র সিং ধোনি আউট হয়ে যাওয়ায় মাত্র এক রানের জন্য হেরে যায় টিম ইন্ডিয়া।

মার্কিন মুলুকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৪৮৯ রানের ম্যাচটিকে অনেক রেকর্ড ও বিশ্বরেকর্ডের মুখ দেখেছে ক্রিকেটবিশ্ব। আসুন, পরিসংখ্যানের আলোকে সেগুলোতে চোখ বুলিয়ে নেওয়া যাক-

৪৮৯: কোনো স্বীকৃত টি-টুয়েন্টি দুই দল মিলিয়ে সর্বোচ্চ ৪৮৯ রানের রেকর্ড গড়ল ভারত-উইন্ডিজ ম্যাচ। এর আগে ২০১০ সালের আইপিএলে চেন্নাই ও রাজস্থানের মধ্যকার ম্যাচে ৪৬৯ রান হয়েছিল। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২০১৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ৪৬৭ রান করেছিল।

ওয়েস্ট ইন্ডিজের করা ২৪৫ রান আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে কোনো দলের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। তালিকার প্রথম দুটি জায়গা দখল করে আছে শ্রীলঙ্কা (২৬০) ও অস্ট্রেলিয়া (২৪৮)। ভারতের ২৪৪ রান রয়েছে তালিকার চতুর্থ স্থানে। তবে রান তাড়া করতে নেমে স্বীকৃত টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।

৩২: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটিতে ৩২টি ছক্কা হয়েছে। স্বীকৃতি টি-টুয়েন্টি এটি বিশ্বরেকর্ড। ওয়েস্ট ইন্ডিজ ভারতের প্রায় দ্বিগুণ ছক্কা হাঁকিয়েছে ম্যাচটিতে।

ক্যারিবিয়ানদের ২১ ছক্কার বিপরীতে ধোনির দলের ছক্কা ১১টি। ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচে ছক্কা হয়েছিল ৩০টি। তালিকায় দুইয়ে নেমে গেছে সেটি। ওয়েস্ট ইন্ডিজের ২১টি ছক্কা যেকোনো দলের এক ইনিংসে রেকর্ড। এই রেকর্ডে ক্যারিবিয়ানদের সঙ্গী আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

৪৬: লোকেশ রাহুল মাত্র ৪৬ বলে সেঞ্চুরি করে দ্বিতীয় দ্রুত সেঞ্চুরির মালিক হন । ৪৫ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ডটি দখলে রেখেছেন রিচার্ড লেভি। একই ম্যাচে এভিন লুইস ৪৮ বলে সেঞ্চুরি করে পঞ্চম দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।

৩২: স্টুয়ার্ট বিনির করা ১১তম ওভারে ৩২ রান নেন এভিন লুইস। ৫টি ছক্কা হাঁকানোর পাশাপাশি একটি সিঙ্গেল নেন তিনি। অন্যদিকে একটি ওয়াইড দেন বিনি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে কোনো বোলারের এক ওভার থেকে দ্বিতীয় সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড এটি। ২০০৭ বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রডকে টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ৩৬ রান নিয়েছিলেন যুবরাজ সিং। তালিকার শীর্ষে রয়েছে এটি।

২৪৮: ভারত ও ওয়েস্ট ইন্ডিজ- দুই দল মিলিয়ে প্রথম ১০ ওভারে ২৪৮ রান সংগ্রহ করেছে; যেটি একটি বিশ্বরেকর্ড। ইনিংসের প্রথম ১০ ওভারে দুই দল মিলিয়ে এর আগে এত রান কেউ করতে পারেনি।

Ads