বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক কুক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ আগস্ট ২০১৬, ০৪:২৮ পিএম


বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক কুক

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক বাংলাদেশ সফরে আসবেন বলে নিশ্চিত করেছেন। বাংলাদেশ সফরে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রস্তাবে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট।

কুক বলেছেন, পরিবার নয়, দলের প্রয়োজনেই তিনি বাংলাদেশ সফরে আসছেন। এরই মধ্যে কুক তার সিদ্ধান্তের কথা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। কুক বাংলাদেশ সফরে আসলেও, এ ব্যাপারে ওয়ানডে অধিনায়ক এউইন মরগান নিজের সিদ্ধান্ত নিতে পারেননি। ইংলিশ ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যান্ড্র্রু স্ট্রাউস মরগানের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে বসেছিলেন।

বাংলাদেশ সফরে ইংলিশ দলের নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানার পরও নাকি মরগান সিদ্ধান্ত নিতে পারছেন না।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময় কুক দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। এ জন্য গুঞ্জন হচ্ছিল, পরিবারের সঙ্গে থাকতে বাংলাদেশ সফরে আসবেন না কুক। অবশেষে দলের প্রয়োজনের বাংলাদেশ সফরে আসছেন কুক। চলমান পাকিস্তানের বিপক্ষে সিরিজের পরই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করবে ইংল্যান্ড।

এদিকে বাংলাদেশ সফরে আসার জন্য ইংলিশ ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন মাইকেল ভন। ইংল্যান্ড দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ে খেলোয়াড়দের উচিত বিশেষজ্ঞদের ওপর আস্থা রাখা। নিরাপত্তা পরিদর্শক দলের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই বাংলাদেশ সফরে আসবে বলে সবুজ সংকেত দেয় ইংল্যান্ড। তবে বাংলাদেশ সফরের ব্যাপারে অবশ্য ক্রিকেটারদের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছাকে প্রাধান্য দিয়েছে ইংলিশ বোর্ড।

ডেইলি টেলিগ্রাফের এক কলামে ভন লিখেছেন, ‘আমি বিশ্বাস করি পুরো বিষয়টি নিরাপত্তা বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দিয়ে খেলোয়াড়দের সবারই উচিত সফরে যাওয়া।’ ২০০৩ সালের অক্টোবরে মাইকেল ভনের নেতৃত্বে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ওটাই ছিল বাংলাদেশে ইংলিশ ক্রিকেট দলের প্রথম সফর। সেবার দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল ইংল্যান্ড।

Ads