বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলছে: আভাস আইসিসির

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ অক্টোবর ২০১৬, ০৪:১৯ পিএম


বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলছে: আভাস আইসিসির

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। ২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দল সরাসরি অংশগ্রহণ করছে। এমন নিশ্চয়তার আভাস দিয়েছে আইসিসি। বিসিবি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিতব্য র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে। বাকি দুটি দলকে আসতে হবে বাছাইপর্ব খেলে। আইসিসির ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ৬ নম্বরে।

ইংল্যান্ড সিরিজের পর ডিসেম্বরে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে। এরপর আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের আগে দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে। মে মাসে আয়ারল্যান্ডে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে তিন জাতি সিরিজ। জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি।

বিসিবি সূত্র জানায়, বাংলাদেশ যদি এই সব সিরিজেও হারে এবং পেছনে থাকা দলগুলো তাদের বর্তমান এফটিপি অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব ম্যাচ জেতে, তবু বাংলাদেশ আটে থেকে সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলতে পারবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা আইসিসিরই ভাষ্য।

সূত্র আরও জানায়, তবে বাংলাদেশের পেছনে থাকা দলগুলো বর্তমান এফটিপির বাইরে নতুন কোনো সিরিজ খেললে আইসিসির এই পূর্বানুমান উল্টেও যেতে পারে।

Ads