আজ মাশরাফি ও তার ছেলের জন্মদিন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ অক্টোবর ২০১৬, ০৫:২৩ পিএম


আজ মাশরাফি ও তার ছেলের জন্মদিন

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা অধিনায়ক ও নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার ৩৩তম জন্মদিন বুধবার (৫ অক্টোবর)।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। পাশাপাশি ২০১৪ সালের আজকের এই দিনে জন্ম নেন মাশরাফি ও সুমি দম্পতির দ্বিতীয় সন্তান সাহেল মর্তুজা। সেই হিসেবে বাপ-বেটা দুজনেরই জন্মদিন বুধবার  (৫ অক্টোবর)। তার বড় মেয়ের নাম হুমায়রা।

বিশ্বের অন্যতম সেরা স্পেশালিস্ট পেস বোলার হিসেবে খ্যাতি পাওয়া এই লোকটি এলাকায় কৌশিক নামেই বেশি পরিচিত। তিনি ছোটবেলা থেকেই বাঁধাধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন। তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে। বিশেষত ব্যাটিংয়ে। যদিও এখন বোলার হিসেবেই তিনি বেশি খ্যাত।

বাইক প্রিয় মাশরাফিকে সবাই খুব হাসিখুশি আর উদারচেতা মানুষ হিসেবেই জানে। প্রায়ই তিনি বাইক নিয়ে নড়াইলের স্থানীয় ব্রিজের এপার-ওপার চক্কর মেরে আসেন। এ শহরেরই সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সঙ্গে তার পরিচয় হয়। এরপর দুজনে ২০০৬ সালে বিবাহসূত্রে আবদ্ধ হন।

বর্তমানে মাশরাফি একদিনের আন্তর্জাতিকে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন ডানহাতি মিডিয়াম পেস বোলার।
বাংলাদেশের এ বোলিং স্তম্ভ ২৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২৮ ম্যাচের ২০টিতেই জিতেছেন। আর ৮টিতে হেরেছেন। তাকে নিয়ে আত্মজীবনীমূলক বই লিখেছেন ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।

Ads