রোনালদোর এক হালি গোলে পর্তুগালের বড় জয়
০৮ অক্টোবর ২০১৬, ০৬:৪২ পিএম
ছবি-সংগৃহীত
বিশ্বকাপ বাছাইপর্বে ফিফা র্যাঙ্কিংয়ের ২০৩ নম্বরে থাকা দল অ্যান্ডোরার মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। আর সেই সুযোগটি কি হাতছাড়া করতে পারেন তিনবারের বর্ষসেরা খেলোয়াড় রোনালদো একাই প্রতিপক্ষের জালে করেছেন ৪ গোল। আর ম্যাচ শেষে তারা ৬-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছেন।
শুক্রবার রাতে বাছাইপর্বের ম্যাচে পর্তুগাল ঘরের মাঠে মুখোমুখি হয় অ্যান্ডোরার। ম্যাচটিতে রোনালদো ছাড়া অন্য দুটি গোল করেছেন জোয়াও কানসেলো ও আন্দ্রে সিলভা।
বাছাইপের্বর ম্যাচে এটাই পর্তুগালের প্রথম জয়। এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষে তারা ২-০ গোলে হেরেছিল।
ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষ পেয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। প্রথম চার মিনিটেই রোনালদো দুটি গোল করেছেন। ম্যাচের ২য় মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলটি বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। এর দুই মিনিট পরে আবারও প্রতিপক্ষের জাল কাঁপান রিয়াল মাদ্রিদ তারকা। রিকার্দো কাসেমার ক্রসে বল পেয়ে তা হেডে জালে জড়ান।
ম্যাচের ৪৪তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ডিফেন্ডার কানসেলো। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও রোনালদোর গোল। ম্যাচের ৪৭তম মিনিটে আন্দ্রে গোমসের কর্নার থেকে বল পেয়ে কোনাকুনি শটে স্কোর বাড়ান রোনালদো। এরপর ৬৮তম মিনিটে দলের পঞ্চম ও নিজের চতুর্থ গোলটি করেন তিনি।
একে তো অ্যান্ডোরা কোন গোলই পাচ্ছিল না তার ওপর ৭০তম মিনিটে ডিফেন্ডার জর্দি রুবি দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে অতিথিরা ১০ জনের দলে পরিণত হয়। আরেকটি ধাক্কা তাদের জন্য অপেক্ষা করছিল। মিডফিল্ডার মার্ক রোবেস রোনালদোকে অহেতুক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত অ্যান্ডোরা ৯ জন নিয়েই খেলেছে।
আর ৯ জনের দলের পরিণত হওয়া অ্যান্ডোরার জালে শেষ পেরেকটি ঠুকেন আন্দ্রে সিলভা। ৮৬তম মিনিটে তিনি স্কোরলাইন ৬-০ করেন।
বাছাইপর্বে দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পর্তুগাল। শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। তাদের পয়েন্ট ৬।
‘বি’ গ্রুপের অন্যান্য খেলায় সুইজারল্যান্ড ৩-২ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। আরেক ম্যাচে লাটভিয়া ২-০ গোলে পরাজিত হয়েছে আইল্যান্ডসের কাছে।























