আজ শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ মার্চ ২০১৬, ০৪:৩৬ পিএম


আজ শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন

প্রতিদিনের চিত্র ডেস্ক :: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের বাছাইপর্বের ম্যাচে আজ বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

গত জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে দু’টি জয় পেলেও দু’টিতে হেরে ২-২ এ সমতা নিয়ে সিরিজ শেষ করতে হয়েছিল স্বাগতিকদের।   

তবে নিজেদের সেরা প্রমাণ করতে বেশি সময় নেয়নি লাল-সবুজের দল। টি-টোয়েন্টি ফরমেটে প্রথমবারের মতো ঢাকার মাটিতে মাত্রই শেষ হয়েছে এশিয়া কাপের ১৩তম আসরের খেলা যেখানে আমিরাত, পকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন জয়ে এরই মধ্যে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করেছেন মাশরাফিরা।

শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরে গেলেও শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টদের হারিয়ে এবারের এশিয়া কাপের আলোটি নিজেদের উপর অনেকটাই নিয়েছে লাল-সবুজের দল।

এশিয়া কাপের এমন উড়ন্ত ফর্ম নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে মোকাবেলা করবে টিম বাংলাদেশ।

দীর্ঘ সময়ের পর আজ বুধবার নিজেদের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যেই হিমাচলের মাঠে নামবে কোচ হাথুরুসিংহের শিষ্যরা। তবে এই ম্যাচে হাথুরসিংহের অন্যান্য শিষ্যরা মাঠে নামলেও বল হাতে হয়তো নাও নামতে পারেন তার সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান।

এদিকে, টি-টোয়েন্টিতে বাংলাদেশ উড়ন্ত ফর্মে থাকলেও প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস যে তাদের একেবারেই ছেড়ে কথা বলবে না সেটা তাদের সাম্প্রতিক ফর্মই বলে দিচ্ছে।

কেননা, গেল ফেব্রুয়ারি আরব আমিরাত সফরে এসে স্বাগতিক আমিরাত ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে পিটার বোরেন’র দল। যেখানে দুই ম্যাচেই তারা জয়ের আনন্দে ভেসেছেন।

শুধু তাই নয় বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে নেদারল্যান্ডস জয়ের প্রেরণা খুঁজতে পারে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে। ৩১ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শক্তিশালী ইংল্যান্ডকে ৪৫ রানের ব্যবধানে হারিয়ে রীতিমতো অবাক করে দিয়েছিল তারা।

Ads