বাংলাদেশের নিশ্চিত বিজয় ১ রানে ছিনিয়ে নিল অভিজ্ঞ ক্রিকেট ইন্ডিয়া

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ মার্চ ২০১৬, ০৪:৪৯ এএম


বাংলাদেশের নিশ্চিত বিজয় ১ রানে ছিনিয়ে নিল অভিজ্ঞ ক্রিকেট ইন্ডিয়া

প্রতিদিনের চিত্র, বেঙ্গালুরু ক্রীড়া প্রতিবেদক :: T20 বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে অভিজ্ঞ স্বাগতিক ভারতের কাছে ১ রানে হারল দুর্দান্ত বাংলাদেশ। ভারত বিশ ওভারে বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দিয়েছিল। আনুপাতিক হারে যেখানে ৭২ শতাংশ নিশ্চিত বিজয় অথচ বাংলাদেশকে  থমকে দাড়াঁতে হলো ১৪৫ রানে।

ভারতীয় বোলারদের সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানদের খণ্ড খণ্ড যুদ্ধ ব্যস ভালই জমে উঠেছিল। সাত নম্বরে ব্যাট করতে নেমে সৌম্য সরকার খেলেছিলেন ২১ রানের ইনিংস। দলকে অনেকখানিই এগিয়ে দিয়েছিলেন জয়ের পথে। সপ্তম উইকেটে ১৯ রানের জুটি গড়ে জয়টা একেবারেই হাতের নাগালে নিয়ে এসেছিলেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। প্রথম তিন বলের মধ্যেই দুইটি চার মেরে জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন মুশফিক। কিন্তু পরের তিন বলে তিনটি উইকেট হারিয়ে ১ রানের হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

এমন হারের পর ব্যাটসম্যানরা কে কী করলেন, তা জানার আর কী আগ্রহ থাকে? ব্যাটসম্যানদের রানগুলো যেন শুধুই যন্ত্রণাদায়ক সংখ্যা। বলার মতো হলো শুধু বোলারদের পারফরম্যান্সই। গত দুই আইপিএলে বেঙ্গালুরুর উইকেটে প্রথমে ব্যাটিং করা দলের গড় রান ১৮৯। এমন ব্যাটিং-বান্ধব উইকেটেই ভারতকে কাল ১৫০-এর নিচে আটকে ফেলেছেন বাংলাদেশের বোলাররা। ভারতের রানরেট ৭.৩০, যেটি কিনা দুই দলের মুখোমুখি লড়াইয়ে ধোনিদের সর্বনিম্ন।

এই ম্যাচে টস জেতাটা ছিল গুরুত্বপূর্ণ। ভাগ্যের এই খেলায় বারবার হেরে যাওয়া বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশেষে ‘জয়ে’র দেখা পেয়েছেন! এই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের পর প্রথম টসে জিতে মাশরাফি নিলেন ফিল্ডিং। মহেন্দ্র সিং ধোনির কথাই প্রমাণ করে মাশরাফির সিদ্ধান্তের যৌক্তিকতা। টস জিতলে ভারতের অধিনায়কও নিতেন ফিল্ডিং!

অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে সর্বোচ্চ চেষ্টাই করেছেন বোলাররা, সঙ্গে দুর্দান্ত ফিল্ডিং। বোলিং আক্রমণেও নেতৃত্ব দিলেন মাশরাফি সামনে থেকেই। ১২ ওভারের মধ্যেই শেষ করলেন নিজের বোলিং কোটা, ছিলেন একেবারেই কৃপণ— ৪ ওভারে দিলেন ২২ রান। মাশরাফি রান আটকেছেন, উইকেট তুলেছেন মুস্তাফিজুর রহমান ও আল আমিন। দুজনই নিয়েছেন ২টি করে উইকেট।

বাংলাদেশের দর্শকদের আবারো অপেক্ষার পালা কবে আবার বিজয়ের স্বাদ দেখা মিলবে।

Ads