জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া
০১ মে ২০২৫, ১২:৪২ পিএম
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে বরিশালের ঐতিহ্যবাহী মৌসুমি ফল আমড়া। বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টায় বরিশাল জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা) শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে জিআই নিবন্ধনের সনদ হস্তান্তর করেন।
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বরিশালের আমড়ার পরিচিতি ও চাহিদা বাড়বে, যা দক্ষিণাঞ্চলের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে আশাবাদী।


























