কৃষকদের ন্যায্য মূল্য আদায়ে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
২৭ মে ২০২৫, ০৯:৫৪ পিএম
উত্তরবঙ্গের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এসময় শিক্ষার্থীদের হাতে “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, খাদ্য দেয় যে তার মুখেই খাবার নাই, এই অবিচার চলবে না, কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও ন্যায্য মূল্য নিশ্চিত করো, ফসলের দাম দাও কৃষকে বাঁচা” ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন,আমরা চাই শিক্ষার্থীরাসহ প্রত্যেক শ্রেণির মানুষ কৃষকের প্রতি অন্যায় অবিচার হওয়ার কথা গুলো তুলে ধরুক। যেখানে কৃষক রাতদিন হাড়ভাঙ্গা পরিশ্রম অর্থ ব্যয় করে ফসল চাষ করে তারা সেই ফসল বিক্রি করতে পারেনা। বিক্রি করতে গিয়ে নানান হয়রানির শিকার হতে হয়। যে ফসল মাঠে বিক্রি করে ৫-১০ টাকা সেই ফসল বাজারে, উপজেলা শহরে, জেলা শহরে, বিভাগীয় শহরে, রাজধানীতে ৩০-৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়। কৃষকের রক্ত চুষে মধ্যস্বস্তভোগী কোটি কোটি টাকা লাভের ব্যবসা করে ।
এমতাবস্থায় সরকারের দৃষ্টি আকর্ষণ তারা বলেন, কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সেজন্য সরকার ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নির্ধারণ দিবেন। সরকারি ক্রয় কেন্দ্রের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে। কৃষকের ফসল নিয়ে সকল রকমের সিন্ডিকেট বন্ধ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
তারা আরও বলেন, কৃষক যাতে কৃষি কাজে উৎসাহ পায় সেইটার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই সাথে কৃষি করতে যেয়ে ঋণগ্রস্ত না হয় সেজন্য সরকারকে পর্যাপ্ত পরিমাণ ভর্তুকির ব্যবস্থা করতে হবে।
























