ঝালকাঠিতে আটকের আতংকে এলাকা ছাড়া শতাধিক শিক্ষার্থী
২৫ জুলাই ২০২৪, ১২:২২ পিএম
কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র থেকে ঘোষিত বাংলা ব্লোকেট কে সমর্থন জানিয়ে ঝালকাঠির রাজাপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার ১৮ জুলাই উপজেলার মেডিকেল মোড় এলাকায় অবরোধ করে রাখে। এতে প্রায় ৫ ঘন্টা বরিশাল- পাথরঘাটা ও খুলনা- বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এরপর পূনরায় শনিবার সকালে শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিলে শুক্রবার ১৯ জুলাই রাতেই রাজাপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩জনকে এবং শনিবার ২০ জুলাই সকালে ১জনকে আটক করে। আটকের আতংকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ৪জনকে আটক করে মুচলেকা রেখে ছেড়ে দেয় রাজাপুর থানা পুলিশ। ৪জনের মধ্যে একজন উপজেলার ইন্দ্রপাশা গ্রামের মহসিন খানের ছেলে খায়রুল ইসলামকে পুনরায় ২৩ জুলাই দুপুর ২টায় আটক করে রাতে ছেড়ে দেয় রাজাপুর থানা পুলিশ। আবার রাতে অভিযান চালিয়ে আসাদুজ্জামান নামের একজনকে আটক করে বুধবার সকালে মুচলেকা রেখে ছেড়ে দেয় পুলিশ। গত ১৯ জুলাই রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একজনের পর একজনকে আটক করা হচ্ছে। যার কারণে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা নিজ বাসভবন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
এবিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মু. আতাউর রহমান বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া কারফিউর জন্য পুলিশ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।




































