গোবিন্দগঞ্জে মহাসড়কে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ১
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে ঢাকা-রংপুর মহাসড়কের বার্ণা সড়ক অংশে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ (সৌখিন পরিবহন) যাত্রী তোলার জন্য হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা সবজিবাহী একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১৩-৮৬০৯), যা বেগুন বহন করছিল, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে কোচটির পেছনে ধাক্কা দেয়। এর ফলে পিকআপের ঠিক পেছনে থাকা আরও একটি যাত্রীবাহী কোচ (মায়ের আশীর্বাদ পরিবহন, ঢাকা-মেট্রো-ব-১৪-৯৪৬২) পিকআপটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়, ফলে পিকআপটি রাস্তার ওপর উল্টে যায়।
এ দুর্ঘটনায় পিকআপের হেলপার ঘটনাস্থলেই মারা যান, তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। সংঘর্ষের পরপরই সৌখিন পরিবহন দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার কারণ ছিল যাত্রী তোলার জন্য হঠাৎ ব্রেক করা এবং পেছনের যানবাহনের অতিরিক্ত লোড ও দ্রুতগতি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।





























