বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী
২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে সংকট তৈরি হলেও সরকার জ্বালানিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। মূল্য সমন্বয়ের পরও সরকারকে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতিতে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে এবং মূল্য সমন্বয়ের পরও লোকসান বহন করতে হচ্ছে।
তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতিতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জ্বালানির দাম কম।’ জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, প্রতি লিটার ডিজেল কিনতে সরকারের খরচ হচ্ছে প্রায় ২৫০ টাকা। মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটারে লোকসান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, এর পেছনে কেউ ‘পরাজিত শক্তির’ সঙ্গে গোপনে হাত মিলিয়েছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি।
তিনি জানান, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। জনগণের স্বার্থে নেওয়া উদ্যোগকে কেউ কেউ ব্যঙ্গ করছে বলেও অভিযোগ করেন তিনি।
জ্বালানি সংকট নিরসনে বিরোধীদের কাছ থেকে সমাধানের প্রস্তাব প্রত্যাশা করেন রিজভী। একই সঙ্গে লংমার্চে বিএনপিসহ সরকারের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
























