ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম


ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬

য়েমেনের কৌশলগত বন্দরশহর মোখায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন বলে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবা জানিয়েছে।

সাবা নিউজ এজেন্সির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে মোখায় বিমান হামলা চালানো হয়। এতে ছয় বেসামরিক নাগরিক নিহত এবং আটজন আহত হন। আহতদের মধ্যেও নারী ও শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনে হুথি বাহিনী ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়েছে। হুথিরা চলতি মাসে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরশহর মোখার নিয়ন্ত্রণ নেয়। এরপর শহরটি ও আশপাশের এলাকায় সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান অভিযান বেড়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষও হুথিদের হামলার কথা জানিয়েছে এবং কয়েকটি হামলা প্রতিহত করার দাবি করেছে।

অন্যদিকে, ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি বিমান হামলা অব্যাহত রয়েছে। ১০ সেপ্টেম্বর এক দিনে ছয়টি প্রদেশে ৫৪টি বিমান হামলার দাবি করেছিল হুথি সামরিক বাহিনী। পরে আরও কয়েক দফা বিমান হামলার কথাও জানিয়েছে হুথি-সংশ্লিষ্ট সূত্র। এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মোখা বন্দরটি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটের কাছে অবস্থিত। হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব বিভিন্ন দেশের কাছে প্রতিরক্ষা সহায়তা চেয়েছে। যুক্তরাজ্য সৌদি আরবকে সীমিত আকাশ প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে এয়ার-টু-এয়ার রিফুয়েলিং সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

Ads