সিরাজগঞ্জে ডাকাতের কবলে জামায়াত নেতারা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম


সিরাজগঞ্জে ডাকাতের কবলে জামায়াত নেতারা

 

সিরাজগঞ্জে ডাকাত দলের কবলে পড়েছেন জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার নেতারা। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে প্রায় এক লাখ টাকা ও মোবাইলসহ তাদের সর্বস্ব নিয়ে গেছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের ঝাঔল এলাকায় মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। 

এ ঘটনায় ড. মো. ওবায়দুল্লাহ বাদি হয়ে থানায় অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ঢাকা থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে মাইক্রোযোগে রাজশাহীতে ফিরছিলেন জামায়াতের নেতারা। তাদের মাইক্রোটি সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাঔল এলাকায় পৌঁছালে ডাকাত দল তাদের মাইক্রো লক্ষ্য করে ঢিল ছোড়ে। এ সময় শব্দ শুনে চালক চাকা ফেটে গেছে ভেবে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। এ সময় হঠাৎ ৭ থেকে ৮ জনের ডাকাতের দল ধারাল অস্ত্র, রামদা, হাসুয়া, ডেগার ও লোহার রড নিয়ে এসে হামলা চালায় এবং সবাইকে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল লুট করে নিয়ে যায়।

পুলিশের কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ডাকাতির মামলার বাদি ড. ওবায়দুল্লাহর মোবাইল ফোন, ফারুক মোহাম্মদ ইসমাইল আলমের নগদ ২৪ হাজার টাকা, গোলাম মোস্তফার ২টি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা, আ. আজিজের কাছে থাকা ১টি মোবাইল ও নগদ ৭ হাজার টাকা, শওকত আলীর কাছে থাকা ১টি ফোন ও নগদ ৮ হাজার ৫০০ টাকা এবং ড্রাইভার আশেক আল রহমানের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় পালিয়ে যায় ডাকাতরা। পরে ভুক্তভোগীরা যমুনা সেতু পশ্চিম থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।

ওসি আনারুল ইসলাম বলেন, ‘ডাকাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।’

 

Ads