খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি: বিজিবি সেক্টরের ব্রিফিং
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে খাগড়াছড়ি সেক্টরের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রস্তুতি গ্রহণ করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি বিজিবি সদর দপ্তরে সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম মিডিয়া প্রতিনিধিদের সামনে এই তথ্য তুলে ধরেন।
সেক্টর কমান্ডার জানান, নির্বাচনের জন্য ০৫টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৯টি প্লাটুন (সদর-৫, মহালছড়ি-৩, পানছড়ি-৬, দীঘিনালা-৫) এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার আংশিক বাঘাইছড়ি উপজেলায় ১১টি প্লাটুন মোতায়েন রয়েছে। ৮টি অস্থায়ী বেইজ ক্যাম্প খাগড়াছড়ি এবং ৬টি বেইজ ক্যাম্প বাঘাইছড়িতে স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, “নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে এবং সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। ভোটাররা যেন নিরাপদ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।”
বিজিবি নির্বাচনের নিরাপত্তার জন্য বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করবে। এর মধ্যে রয়েছে বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন, রায়োট কন্ট্রোল সামগ্রী এবং নির্বাচন সুরক্ষা অ্যাপ। এছাড়া বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে।
সেক্টর কমান্ডার আরও বলেন, “নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে। কোনো নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তা দ্রুত নিয়ন্ত্রণ করা হবে।”
ব্রিফিংয়ে ৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরান কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




































