খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাগড়াছড়িতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





























