কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণ

খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত


খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

ছবি: প্রতিদিনের চিত্র

খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ১৭তম ও কলেজ শাখার ১৫তম এবং পাঁচটি ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন। ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি আকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খনেশ্বর ত্রিপুরা রিচার্ড, আইন ও নিষ্পত্তি বিষয়ক সম্পাদক তাপস ত্রিপুরা এবং খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ধনেশ্বর ত্রিপুরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক রবিজয় ত্রিপুরা। এ সময় সাবেক সংগঠক বিনতা ত্রিপুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মাচাংতি চেসি ত্রিপুরাসহ প্রয়াত সাবেক সংগঠকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মেলনের অংশ হিসেবে সংগঠনের বিভিন্ন শাখার সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন, কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ ও সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ এবং শিক্ষার্থীদের শিক্ষা, নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন  শেপালিকা ত্রিপুরা।

আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। অধিবেশনটি পরিচালনা করেন শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির লাইব্রেরি বিষয়ক সম্পাদক হিকোময় ত্রিপুরা। তিনি পুরোনো কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন এবং বিভিন্ন ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। অন্যদিকে খাগড়াছড়ি সদর উপজেলা ও কলেজ শাখার নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য নিখিল ত্রিপুরা।

কাউন্সিলে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য সাতটি শাখার নতুন কমিটি গঠন করা হয়। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা শাখায় ১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে খপি রঞ্জন ত্রিপুরাকে সভাপতি, জুয়েল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং হমের ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

খাগড়াছড়ি সদর কলেজ শাখায় ১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে তুরেন ত্রিপুরাকে সভাপতি, বেনজামিন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং হেলেন বিকাশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া ১৩ সদস্যবিশিষ্ট গোলাবাড়ী ইউনিয়ন শাখায় হিমালী ত্রিপুরা সভাপতি, নমেন ত্রিপুরা সাধারণ সম্পাদক ও স্বর্ণ কান্তি ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক; খাগড়াছড়ি সদর ইউনিয়ন শাখায় সিমুলতা ত্রিপুরা সভাপতি, দিনোমনি ত্রিপুরা সাধারণ সম্পাদক ও লুমি ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক; কমলছড়ি ইউনিয়ন শাখায় চম্পালতা ত্রিপুরা সভাপতি, অহিনা ত্রিপুরা সাধারণ সম্পাদক ও ক্লিন্টন ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ভাইবোনছড়া ইউনিয়ন শাখায় সোনালী ত্রিপুরা সভাপতি, ক্ষেপন ত্রিপুরা সাধারণ সম্পাদক ও অগ্নিশ্বর ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক এবং পেরাছড়া ইউনিয়ন শাখায় ভাগ্যলক্ষী ত্রিপুরা সভাপতি, কর্ণ বিকাশ ত্রিপুরা সাধারণ সম্পাদক ও মুক্তা ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়ন শাখার প্রতিটিতে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Ads