আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে: শিক্ষা মন্ত্রী
১৭ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রথমবারের মতো আয়োজিত ‘ডিনস অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এখন থেকেই সমাজসেবা ও জাতিগঠনে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে ‘ডিনস অ্যাওয়ার্ড’কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার হিসেবে উল্লেখ করে শিক্ষা মন্ত্রী বলেন, এই পুরস্কারের মাধ্যমে মূলত মেধাবী শিক্ষার্থীদের শ্রম ও মেধার স্বীকৃতি প্রদান করা হয়। ভালো শিক্ষার্থীদের এভাবে স্বীকৃতি দেওয়া দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। কারণ এই ধরনের স্বীকৃতি পুরস্কারপ্রাপ্তদের যেমন অনুপ্রাণিত করবে, ঠিক তেমনি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তুলবে— যা শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং পুরো সমাজের কল্যাণে কাজে লাগবে।
শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে ড. এহছানুল হক মিলন জানান, এ বছর শিক্ষা খাতে জিডিপির দুই ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই বাজেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ, যা গড়ে তোলার মূল কারিগর হলেন শিক্ষকেরা। দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। আর সেই লক্ষ্যেই সরকার বর্তমানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রইস উদ্দিনের সভাপতিত্বে এই গৌরবময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথমবারের মতো এমন জমকালো আয়োজনে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হলো। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মোট ৪টি শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হয়। জবির ৭টি অনুষদভুক্ত ৩৮টি বিভাগ এবং ২টি ইনস্টিটিউটের মোট ১০৪ জন মেধাবী শিক্ষার্থী তাদের অনন্য মেধার স্বীকৃতিস্বরূপ এই ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন।



































