ওবামার পররাষ্ট্রনীতি উদ্দেশ্যহীন : ট্রাম্প
২৮ এপ্রিল ২০১৬, ০৪:৩৮ পিএম
আন্তজাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতিকে অবিবেচক ও উদ্দেশ্যহীন বলে কড়া সমালোচনা করেছেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে দেশের স্বার্থকেই সব চেয়ে বেশি গুরুত্ব দেবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ট্রাম্প। খবর বিবিসির।
রাশিয়া আর চীনের সঙ্গে সম্পর্কের জটিলতা নিরসন করবেন বলেও আশ্বাস প্রদান করেছেন ট্রাম্প।
নির্বাচনী প্রচারণায় নামার পর থেকেই বিভিন্ন বিষয়ে আগ্রাসী মন্তব্য করে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ট্রাম্প। এসব সমালোচনার কারণে নিজ দলেও বেশ কয়েকবার তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকি দলের ভেতরে মনোনয়ন প্রত্যাশী অপর প্রার্থীদের একত্রিত হয়ে মি. ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেবার ঘটনাও ঘটেছে।
ওয়াশিংটনে দেয়া এক ভাষণে এই প্রথম ডোনাল্ড ট্রাম্পকে আগের চেয়ে আরো বেশি কৌশলী ও সংযতভাবে কথা বলতে দেখা গেছে। ঐ ভাষণে ট্রাম্প বলেন, আমেরিকাকে আবার এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন সবাই আমাদের সমীহ করে। আমাদের দেশকে আবার ধনবান এবং মহান একটি রাষ্ট্রে পরিণত করতে হবে। আর তা করতে পারলেই এই শতাব্দী আবারো শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী হয়ে উঠবে।



















