নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৫০ জঙ্গি নিহত
২২ অক্টোবর ২০১৫, ১২:৫০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক :: নাইজেরিয়ায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের অন্তত ১৫০ জন জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও তাদের কাছে জিম্মি থাকা নারী ও শিশুসহ মোট ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মাদাগালি ও গোবোযা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীদের সাথে ছিল জঙ্গিবিরোধী আত্মরক্ষা বাহিনী। বুধবার (২১ অক্টোবর) ওই বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।
জঙ্গিবিরোধী আত্মরক্ষা বাহিনীর এক যোদ্ধা জানান, তাদের যৌথ অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের অন্তত ১৫০ জন জঙ্গি নিহত হয়েছে। সেখান থেকে উদ্ধার করা হয় অসংখ্য আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকসহ সরঞ্জামাদি এবং তাদের কবলে থাকা ৩৬ শিশু ও নারী জিম্মিকে।
নাইজেরিয়ার সরকার সন্ত্রাসী গোষ্ঠীটিকে নির্মূলে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে।বোকো হারামের উত্থানের ছয় বছরে তাদের হাতে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সে দেশের সব নিরাপত্তা বাহিনীকে একত্র করে যৌথ অভিযান শুরু করেছে সরকার। এই অবস্থায় বোকো হারাম আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। এরইমধ্যে সরকারের পক্ষ থেকে জঙ্গিদের বার বার আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে।
























