আর্জেন্টিনায় বামপন্থী সরকারের পতন হলো
২৩ নভেম্বর ২০১৫, ০৬:৩৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক :: রাজধানী বুয়েনস এইরেসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন মোরিসিও মাকরি । আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল দলের প্রার্থী মোরিসিও মাকরি বিজয়ী হওয়ায় বামপন্থী সরকারের পতন ঘটছে।
বিবিসি জানায়, মাকরি পেয়েছেন ৫২ শতাংশ ভোট। আর তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ক্রিচনারের মনোনীত প্রার্থী ড্যানিয়েল সিওলি পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। মাকরির এই বিজয়ের মধ্যদিয়ে আর্জেন্টিনায় বামপন্থী সরকারের পতন হলো।
নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দেজ। গতকাল এ কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার সরকারি বার্তা সংস্থা টেলাম নিউজ এজেন্সি।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে মোরিসিও মাকরি আর্জেন্টিনা থেকে দারিদ্র্য দূর করা এবং ব্যবসার পদ্ধতি বদলানোর অঙ্গীকার করেন। সে সঙ্গে লাতিন আমেরিকার অন্য দেশগুলোসহ বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার আশা ব্যক্ত করেন তিনি। সবার সঙ্গে মিলেমিশে কাজ করার কথাও বলেন মাকরি।
























