বিশ্বের সবচেয়ে বড় নীলা এখন শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি ২০১৬, ০৭:১২ পিএম


বিশ্বের সবচেয়ে বড় নীলা এখন শ্রীলঙ্কায়

আন্তজাতিক ডেস্ক :: শ্রীলঙ্কা বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণি খুঁজে পাওয়ার দাবি করেছে । সেখানকার একটি খনি থেকে ১৪০৪.৪৯ ক্যারেটের ওই তারকা চিহ্নিত নীলাটি তুলে আনা হয়েছে। শ্রীলঙ্কার রত্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, এর আগে এর চেয়ে বড় কোন নীলা আবিষ্কারের কথা তাদের জানা নেই। 

রত্মপুরা শহরের খনি থেকে আবিষ্কৃত নীলাটির নামকরণ করা হয়েছে ‘দি স্টার অব আদম’। ২০১৩ সালে ১৭ কেজি ওজনের একটি পাথর খণ্ড থেকে নীলাটি বের করা হলেও সম্প্রতি এ রত্মটির ওজন জানা গেছে। এই নীলাটির মূল্য একশ মিলিয়ন ডলার বা আটশ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটি এর দ্বিগুণ মূল্যে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাম না প্রকাশ করার শর্তে নীলাটির বর্তমান মালিক বলেন, যখন প্রথম নীলাটি আমি দেখতে পাই, তখনই আমার ধারণা হয়েছিল, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় নীলা। তাই আমি কিছুটা ঝুঁকি নিয়েই নীলাটি কিনে ফেলি। তবে কত টাকা দিয়ে তিনি এটি কিনেছিলেন, তা জানাতে রাজি হননি।

শ্রীলঙ্কায় বছরে একশ মিলিয়ন ডলারের রত্ন কেনাবেচা হয়ে থাকে। শ্রীলঙ্কার রত্ন ব্যবসায়ীরা বলছেন, ডাচেস অফ ক্যামব্রিজ, কেট মিডলটনের এনগেজমেন্ট রিংয়ে যে নীলাটি বসানো রয়েছে সেটিও তাদের দেশের। ওই নীলাটি ১৭৭০ সালে শ্রীলঙ্কায় আবিষ্কৃত হয়েছিল। আর সেই আংটিটি ছিল প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়নার।

Ads