গাজায় যুদ্ধ বন্ধ করবে না ইসরাইল- নেতানিয়াহু
১৪ মে ২০২৫, ১১:৩৪ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করবেন না বলে জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন তিনি।
মঙ্গলবার (১৩ মে) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আহত ইসরাইলি সৈন্যদের সাথে দেখা করার সময় নেতানিয়াহু বলেন, “হামাসকে নির্মূল করা এবং আমাদের সব পণবন্দীকে মুক্ত করা- এই দুই কাজ একসাথে চলবে। হামাস যদি বলে, ‘আমরা আরো ১০ জন মুক্তি দিতে চাই’, তাও আমরা যুদ্ধ বন্ধ করব না।”
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের মতে, নেতানিয়াহু তার জোটসঙ্গীদের আশ্বস্ত করেছেন, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে, ইসরাইল কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে, যা কিছু পণবন্দীকে মুক্তি দেবে।
তিনি বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে হামাসকে পরাজিত করতে আমরা পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাব। আমাদের সেনারা ইতোমধ্যে সেখানে মোতায়েন রয়েছে।’
এর আগে, সোমবার নেতানিয়াহুর কার্যালয় জানায়, সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে তিনি তার আলোচক দলকে কাতারে পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় দেশগুলোতে সফরের সময় ওই প্রতিনিধি দল বৃহস্পতিবার পর্যন্ত দোহায় অবস্থান করবে বলে জানা গেছে।
এদিকে সোমবার মার্কিন-ইসরাইলি পণবন্দী এডান আলেক্সান্ডারকে মুক্তি দেয় হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, ওয়াশিংটনের সাথে যোগাযোগের ভিত্তিতে তাকে মুক্তি দেয়া হয়েছে, যা চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ।
ইসরাইলের তথ্যমতে, গাজায় এখনো ৫৮ জন ইসরাইলি পণবন্দী আটক রয়েছেন, যাদের মধ্যে ২১ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, ইসরাইলি কারাগারে বর্তমানে নয় হাজার ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। বন্দীদের অনেকেই নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার এবং এসব কারণে একাধিক মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি ও ইসরাইলি গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো।




















