রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম


রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে।খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমটি বলছে, দিল্লি পুলিশ সোমবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ বিরোধী দলের বেশ কয়েকজন এমপিকে আটক করেছে।

শাসকদল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগে বিরোধীদের আন্দোলন সংসদ ভবনের বাইরে থেকে মধ্য দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়লে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।

তবে বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, সরকার নির্বাচনী কমিশনকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে।

প্রতিবাদস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী রাস্তায় বসে আছেন, হাতে ব্যানার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।

 

Ads