দুর্গাপূজায় অপপ্রচার ও বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক থাকার আহবান ওয়াদুদ ভূইয়ার
০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ যাতে সুযোগ নিয়ে অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পূজা কমিটির নেতৃবৃন্দকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে জেলার ৬৮টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা এ সভার আয়োজন করে।
ওয়াদুদ ভূইয়া বলেন, সনাতনী সম্প্রদায়ের উৎসব পালনের বিষয়টি বিবেচনায় এ বছর দুর্গাপূজায় এক দিন অতিরিক্ত ছুটিসহ বিভিন্ন বরাদ্দ বাড়ানো হয়েছে। তিনি বলেন, অতীত সরকারের সময়ের মতো যেকোনো সময়ে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে। এ কারণে পূজা কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় প্রতিটি কমিটিকে নিজেদের উদ্যোগে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। প্রয়োজনে দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় পূজামণ্ডপ পাহারার ব্যবস্থা করা হবে। কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের জানাতেও আহ্বান জানান তিনি।
সভায় পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছার, জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, কুহেলি দেওয়ান, তাসলিমা সিরাজ সীমা ও মংসাপ্রু মারমা এবং তরুণ কুমার ভট্টাচার্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার।
সভায় জেলার ৬৮টি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের পাশাপাশি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
সভায় ‘মা দুর্গার আশীর্বাদে দূর হোক সকল বিভেদ, জয় হোক মানবতা ও সম্প্রীতির’—এই প্রত্যয়ে উৎসব উদ্যাপনের আহ্বান জানানো হয়।



































