খাগড়াছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, সমন্বিতভাবে কাজ করার আহবান এমপি ওয়াদুদ ভূইয়ার
২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: প্রতিদিনের চিত্র
আমিষের চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সংসদ সদস্য বলেন, অতীতে অনেক ক্ষেত্রে নামে-বেনামে প্রকল্প দেখিয়ে জেলা পরিষদ ও জেলা প্রশাসন থেকে অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে। অথচ সরেজমিনে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তব অস্তিত্ব পাওয়া যায় না। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তরের সুপারিশ বা প্রত্যয়ন নেওয়ার পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এবং জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতে কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল প্রয়োজন হলেও জেলায় তীব্র জনবলসংকট রয়েছে। বর্তমানে প্রয়োজনীয় জনবলের এক-তৃতীয়াংশও কর্মরত নেই। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়নের সময় পার্বত্য অঞ্চল অনেক ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয় না। অথচ তিন পার্বত্য জেলায় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য তিনি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।
খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ হামিম। খাগড়াছড়ি সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আলোচনা সভা শেষে সফল ও শ্রেষ্ঠ খামারিদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

























